ঈদুল আজহার দ্বিতীয় দিনেও সাভার বিসিকে আসছে কাঁচা চামড়া

সাভারের হরিণধরা বিসিক চামড়া শিল্প নগরীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিপুল পরিমাণ কোরবানির পশুর লবণবিহীন কাঁচা চামড়া প্রবেশ করেছে। ঈদুল আজহার প্রথম দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার পর থেকে শুরু করে শুক্রবার (২৯ মে) সকাল ১১টা পর্যন্ত চামড়া শিল্প নগরীর কারখানাগুলোতে মোট ৪ লাখ ৯১ হাজার ৯৪৯ পিস কাঁচা চামড়া এসে পৌঁছায়। ছোট, মাঝারি ও বড় আকারের মোট ১ হাজার ৫২৯টি ট্রাকে করে এসব চামড়া আনা হয়েছে, যার মধ্যে গরু ও মহিষের চামড়া ৪ লাখ ৭০ হাজার ৪৭৯ পিস এবং ছাগল ও ভেড়ার চামড়া ১৬ হাজার ৯০ পিস।

ট্যানারি কারখানাগুলোর মালিকদের আগাম প্রস্তুতি এবং রাজধানী ঢাকা ও আশপাশের সড়কগুলোতে কোনো যানজট না থাকায় চামড়াবাহী যানবাহনগুলো কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে সাভারের বিসিকে প্রবেশ করতে পেরেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিলেট থেকে চামড়া নিয়ে আসা এক ট্রাক চালক জানান, তাঁরা রাত ১১টায় রওনা দিয়ে কোনো রকম যানজট ছাড়াই ভোর ৪টার দিকে ট্যানারিতে পৌঁছেছেন।

তবে যাতায়াত ব্যবস্থা ভালো হলেও চামড়ার দাম নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। তাঁরা জানান, মাঠপর্যায় থেকে সাড়ে ৬০০ থেকে সাড়ে ৭০০ বা ৮০০ টাকায় চামড়া কিনলেও ট্যানারি মালিকরা এখন লবণবিহীন কাঁচা চামড়ার দাম বলছেন মাত্র সাড়ে৪০০ থেকে ৬০০ টাকা।

অন্যদিকে ট্যানারি মালিকদের দাবি, কাঁচা চামড়া কেনার পর সেটিতে লবণ দেওয়া এবং শ্রমিকের মজুরি বাবদ চামড়া প্রতি আরও ৪০০ টাকা খরচ হয়। সরকার যে দাম নির্ধারণ করেছে তা মূলত লবণযুক্ত চামড়ার দাম। তাই সরকারি নিয়ম মেনে এবং চামড়ার গুণগত মান দেখেই এখন লবণবিহীন কাঁচা চামড়া কেনা হচ্ছে।

বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান জানান, বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করে আজকেও কাঁচা চামড়া আসছে। চামড়া সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু রাখতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং বিসিক কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে সবকিছু তদারকি ও মনিটরিং করছে।