রুহুল কবির রিজভী

সরকারের সমালোচনা করা যেতে পারে, তবে চক্রান্ত বিপজ্জনক

সরকার ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সমালোচনা করা যেতে পারে, ভুল ধরিয়ে দেওয়া যেতে পারে; তবে কোনো ধরনের চক্রান্ত বা অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক।

শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বহুদলীয় রাজনীতি ফিরিয়ে আনতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা থেকে শুরু করে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা; প্রতিটি ক্ষেত্রে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। কারণ, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী এই রাষ্ট্রনায়ক দেশের স্বার্থে আপসহীন ছিলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একটি রাষ্ট্রে অপরাধ, বিশৃঙ্খলা কিংবা নানা ধরনের সংকট থাকতেই পারে। তবে নির্বাচিত সরকারের দায়িত্ব হলো দ্রুত ব্যবস্থা নেওয়া ও আইনের শাসন নিশ্চিত করা।

রিজভী বলেন, যেকোনো অন্যায় বা অপরাধের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে এবং জনগণও সেটি দেখছে।

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষি কার্ড’ ও ‘হেলথ কার্ড’ এর মতো উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশসহ সব প্রতিষ্ঠানকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হতে হবে। দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক ধারাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।