চীন বলেছে, কোনো দেশ যেন 'নৌচলাচলের স্বাধীনতার' অজুহাতে তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। কানাডার একটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করার ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৯ মে) এ কথা জানায় বেইজিং।
কানাডার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধজাহাজ ‘এইচএমসিএস চার্লটটাউন’ গত সপ্তাহে কোনো মিত্র দেশের জাহাজ ছাড়াই ওই প্রণালী অতিক্রম করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী চীন সব দেশের নৌচলাচলের অধিকারকে সম্মান করে। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, 'নৌচলাচলের স্বাধীনতার নামে' কোনো ধরনের উসকানি বা সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে কানাডার প্রতিরক্ষা বিভাগ এবং তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।