ইরাকে সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা ইসলামিক রেজিস্ট্যান্সের

ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স (সারায়া আওলিয়া আল-দাম) জানিয়েছে, তারা তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত প্রতিরোধ ও আত্মত্যাগ অব্যাহত রাখবে।

সংগঠনটির সামরিক মুখপাত্র আবু মাহদি আল-জাফারি বৃহস্পতিবার (২৮ মে) এক বিবৃতিতে বলেন, 'যতদিন ইরাকে অন্যায় অব্যাহত থাকবে এবং দখলদারিত্ব শেষ না হবে, ততদিন অস্ত্র সমর্পণ বা শান্তি আলোচনার কোনো প্রশ্নই আসে না।'

তিনি আরও বলেন, 'জাতি তখনই নিরাপদ থাকে যখন তার রক্ষক থাকে, শহীদদের রক্ত থাকে এবং ত্যাগে প্রস্তুত মানুষ থাকে। মাতৃভূমি কোনো পথচারীর হাতে সুরক্ষিত থাকে না। প্রতিরোধের রয়েছে অনুগত যোদ্ধারা, যারা সব সংকটে ইরাককে রক্ষা করছে।'

এদিকে একই দিনে শিয়া নেতা মুকতাদা আল-সদর তার রাজনৈতিক ও সামরিক কাঠামোর পুনর্গঠনের অংশ হিসেবে সারায়া আল-সালাম বাহিনীকে জাতীয় শিয়া আন্দোলনের সামরিক শাখা থেকে আলাদা করার প্রক্রিয়া এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

এক নির্দেশনায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদুল গাদির উপলক্ষে হস্তান্তর প্রক্রিয়া তদারকি এবং নতুন গঠিত 'আল-বুনইয়ান আল-মারসুস' কাঠামোর সঙ্গে বেসামরিক শাখার একীভূতকরণ সম্পন্ন করার দায়িত্ব দেন।