পিরোজপুর

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে নমিতা রানী (৮০) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে গৃহবধূসহ তিনজনের বিরুদ্ধে। নিহত নমিতা রানী ওই গ্রামের রাধে শ্যামের স্ত্রী। 

বৃহস্পতিবার (২৮ মে) রাতে নিজ ঘরের খাটের ওপর ঘুমিয়ে ছিলেন নমিতা রানী। পরিবারের দাবি, রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধে শ্যাম। তবে কোনো সাড়া না পেয়ে তিনি খাটের কাছে গিয়ে মুখের ওপর থাকা কাঁথা সরিয়ে দেখেন, নমিতা রানী মৃত অবস্থায় পড়ে আছেন।

এ সময় খাটের পাশে তার হাতের শাঁখা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া গলায় ক্ষতের চিহ্নও রয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। এতে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের দাবি, নিহতের পুত্রবধূ বন্যা রানী পালের সঙ্গে দীর্ঘদিন স্থানীয় বিএনপি কর্মী কামাল পঞ্চায়েতের পরকীয়ার সম্পর্ক ছিল। তিনি নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন। পরকীয়ায় প্রায়ই বাধা দিতেন নিহত নমিতা রানী। এতে ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ বন্যা রানী, কামাল পঞ্চায়েত ও পুত্রবধূর মামা তাপস দেবনাথ মিলে নমিতা রানীকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকে কামাল পঞ্চায়েত পলাতক রয়েছেন। তারা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মহব্বত খান জানান, এ ঘটনায় জনরোষ থেকে রক্ষা করার জন্য ওই গৃহবধূ ও তার মামাকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।