মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৪ শতাধিক রোগী

কুমিল্লার মুরাদনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত ৪ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ‘ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থা’। 

সকাল থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে ৪ শতাধিক নারী, শিশু ও বয়স্ক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন ঘোড়াশাল গ্রামের ৬ জন তরুণ বিশেষজ্ঞ চিকিৎসক, যারা দেশের বিভিন্ন খ্যাতনামা হাসপাতালে কর্মরত।

চিকিৎসকরা হলেন— সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. আল আমিন, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের বক্ষব্যাধি ও শ্বাসকষ্ট বিশেষজ্ঞ ডা. আফসানা মীম, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. রুহুল আমিন, বারডেম জেনারেল হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. নাজিয়া আফরিন চাঁদনী, আর্মি মেডিকেল কলেজ যশোরের মেডিসিন, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জাকিয়া সুলতানা এবং মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. কামরান উদ্দিন আহমেদ।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন রোগীরা। তারা জানান, চিকিৎসার জন্য শহরে যেতে হয়, খরচও অনেক। ডাক্তার দেখানোর টাকা হলে ওষুধ কেনার টাকা থাকে না। আজ বাড়ির পাশে ডাক্তারদের পেয়ে তারা খুশি। তারা দোয়া করেন, যেন চিকিৎসকরা এভাবেই গরিব মানুষের পাশে থাকেন।

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার অসহায় মানুষের কল্যাণে যে ভূমিকা রাখছেন, তা সত্যিই প্রশংসনীয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় এমন উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া একটি অনন্য মানবিক উদ্যোগ।’

তারা আরও জানান, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানবসেবায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি হোসেন উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. ফোরকান উদ্দিন আহমেদ, সংগঠনের সহ-সভাপতি আনিসুর রহমান ভূঁইয়া, সদস্য মহিবুর রহমান রুবেল, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মকবুল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বিএসসি, ঘোড়াশাল রকিব উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন, সাবেক প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, ফরিদ উদ্দিন (বি.কম), শাহনেওয়াজ সরকার, রেহান উদ্দিন, আলী ইমাম শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।