কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনায় ইব্রাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রবিউল (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ইব্রাহিম টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ৩ নম্বর ওয়ার্ড এলাকার সামশুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ওমর ফারুক, মো. তৈয়ব ও মো. শফিক টমটমে শাহপরীর দ্বীপ এলাকায় ঘুরতে যাওয়ার পথে হারিয়াখালী ব্রিজ এলাকায় একই এলাকার রাজু, রবিউল ও অজ্ঞাত আরও ৫–৭ জন তাদের পথরোধ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে ওমর ফারুক, শফিক ও তৈয়ব সেখান থেকে চলে যান। তবে পরে রাজু, রবিউল ও তাদের সহযোগীরা ওমর ফারুকের বাড়িতে হামলা চালায়। এ সময় ছোড়া পাথরের আঘাতে ইব্রাহিম গুরুতর আহত হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনায় ইব্রাহিম নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।