শরীয়তপুরের জাজিরা উপজেলায় মরিচ ক্ষেতে পড়ে থাকা ককটেল সদৃশ বস্তু হাতে কুড়িয়ে নিতেই বিস্ফোরণে ১৩ বছর বয়সী এক শিশুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় তার বাম হাতও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার চরধুপুর লাউখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশুর নাম রাহাত মাদবর। সে চরধুপুর লাউখোলা এলাকার সামচু মাদবরের ছেলে।
পুলিশ, চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের মরিচ ক্ষেতে মরিচ আনতে গিয়ে রাহাত মাদবর ককটেল সদৃশ একটি বস্তু কুড়িয়ে পায়। পরে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম হাতও ক্ষতিগ্রস্ত হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত শিশুর স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কেউ ওই ককটেল সেখানে ফেলে রেখে থাকতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ককটেল বিস্ফোরণে শিশুটির হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।