সুইজারল্যান্ডে ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে ৩ জন আহত

সুইজারল্যান্ডের উইন্টারথার ট্রেন স্টেশনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩১ বছর বয়সী এক সুইস নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর এই হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে সুইস প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জুরিখ্যান্টনের নিরাপত্তাবিষয়ক পরিচালক মারিও ফেহর এবং জুরিখ পুলিশ প্রধান মারিয়াস ওয়েইরম্যান এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, হামলাকারী ওই এলাকারই বাসিন্দা। ২০১৫ সাল থেকেই উগ্রপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রোপাগান্ডা ছড়ানোর কারণে সে পুলিশের নজরদারিতে ছিল। ঘটনাস্থলের আলামত থেকে এটি স্পষ্ট যে, হামলার পেছনে চরমপন্থী ও কট্টরপন্থী মতাদর্শ কাজ করেছে।

স্টেশনসংলগ্ন একটি কার্যালয়ে কর্মরত এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে হামলাকারী ব্যক্তিটি চিৎকার করে এবং আকস্মিকভাবে মানুষের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে।