ভারতে অনুপ্রবেশের দায়ে আটককে হস্তান্তর করল বিএসএফ

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বিষ্ণু কুমার সরকার (৩২) নামের এক যুবককে একদিন পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হিলি রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এর আগে সেখানে দুই বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

দেশে ফেরা বিষ্ণু কুমার সরকার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দুর্গাপুর গ্রামের মৃত বিশ্বনাথ সরকারের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বিষ্ণু কুমার সরকার নামের ওই যুবক ভারতে থাকা তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে গত বুধবার সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে।

পরবর্তীতে বিএসএফ বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি বিজিবিকে অবহিত করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি বিষ্ণু কুমার সরকারকে পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। পরে পরিবারের সদস্যরা থানায় এলে তাকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।