ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বাসচাপায় মোটরসাইকেলচালক আরজ আলী (১৮) এবং শৈলকুপায় চলন্ত অটোভ্যানের ধাক্কায় মীম খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুর ও বিকেলে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক আরজ আলী কোটচাঁদপুর উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনের ছেলে। অপরদিকে, অটোভ্যানের ধাক্কায় নিহত শিশু মীম খাতুন শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙা গ্রামের কবির হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে শহরের শহীদ মিনার চত্বরের সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক আরজ আলী ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠান।
অন্যদিকে, শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙা গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তায় খেলছিল শিশু মীম। এ সময় যাত্রীবাহী একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, অটোভ্যানের ধাক্কায় মীম খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।