ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের মোট ১৩টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর এবং টাঙ্গাইল জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় ওইসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে দেশের অন্যান্য জেলার ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের সব বিভাগেই আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে সারাদেশে থেমে থেমে দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।