ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান, চুক্তি হয়নি জানাল তেহরান

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর একটি পোস্টের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ও বার্তা বিনিময় চলমান থাকলেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতা বা চুক্তি অর্জিত হয়নি।

ইরানকে অবশ্যই পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে হবে- ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বাঘাই। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‌‌‌‘ইসলামী প্রজাতন্ত্র ইরানকে লক্ষ্য করে কথা বলার সময় কোনো পশ্চিমা পক্ষই ‘অবশ্যই’ বা ‘বাধ্যতামূলক’ কোনো শব্দ ব্যবহার করতে পারে না। আমরা যা কিছু সিদ্ধান্ত নিই, তা ইরানের জনগণের স্বার্থ এবং অধিকারের ওপর ভিত্তি করেই নিয়ে থাকি।’

এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে বলে ট্রাম্প যে দাবি করেছেন, সে বিষয়েও কথা বলেছেন ইরানের এই মুখপাত্র। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার করে, তবে তা হবে শুরু থেকেই তাদের চালিয়ে আসা একটি অবৈধ কর্মকাণ্ডের অবসান। তবে ট্রাম্পের এই ঘোষণাকে এখনই চূড়ান্ত বলে ধরে নিচ্ছে না তেহরান। বাঘাই বলেন, ‘আমাদের দেখতে হবে তারা বাস্তবে তাদের কথার প্রতিফলন ঘটায় কি না, নাকি এটি কেবলই একটি প্রচারণামূলক দাবি।’

হরমুজ প্রণালীর কৌশলগত নিরাপত্তার বিষয়ে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে মুখপাত্র বাঘাই আরও যোগ করেন, যেহেতু এই জলপথটি ইরান ও ওমানের জলসীমার মধ্যে অবস্থিত, তাই আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার পাশাপাশি নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় এই দুই দেশকেই একটি সুনির্দিষ্ট ‘পদ্ধতি বা কৌশল’ গ্রহণ করতে হবে।