১০০০ কোটিতে গর্ডনকে নিলো বার্সা, রাশফোর্ডের কি হবে

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শুরুতেই ফুটবল বিশ্বে বড় ধামাকা দিল স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। ৭০ মিলিয়ন ইউরো ফিক্সড ফির সাথে অ্যাড-অনসহ এই চুক্তির মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০৫০ কোটি টাকা

বৃহস্পতিবারই বার্সেলোনায় পৌঁছে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেন ২৫ বছর বয়সী এই তারকা। এরপর ক্লাবের সাথে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘ ৫ বছরের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন তিনি। বায়ার্ন মিউনিখের মতো ইউরোপীয় পরাশক্তিদের টেক্কা দিয়ে গর্ডনকে দলে টানল বার্সা।

২০০১ সালে জন্ম নেওয়া অ্যান্থনি গর্ডনের ফুটবলার হিসেবে বেড়ে ওঠা ইভারটনের যুব একাডেমিতে। তবে ২০২৩ সালের জানুয়ারিতে নিউক্যাসলে যোগ দেওয়ার পর থেকেই তার ক্যারিয়ারের গ্রাফ দ্রুত ওপরের দিকে উঠতে থাকে। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে নিউক্যাসলের হয়ে সব প্রতিযোগিতায় ৪৬ ম্যাচে মাঠে নেমে ১৭টি দুর্দান্ত গোল করেন তিনি, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

গতি, নিখুঁত ড্রিবলিং এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে হাই-প্রেসিং ফুটবল খেলার সহজাত ক্ষমতার জন্য গর্ডন সুপরিচিত। আর এই কারণেই বার্সেলোনার বর্তমান কোচ হান্সি ফ্লিকের আক্রমণাত্মক কৌশলের জন্য তাকে সবচেয়ে উপযুক্ত মনে করা হচ্ছে। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচে ২ গোল করা এই উইঙ্গারের আরও একটি বড় সুবিধা হলো, তিনি ইতিমধ্যেই স্প্যানিশ ভাষায় বেশ দক্ষ। 

মার্কাস রাশফোর্ড

অ্যান্থনি গর্ডনকে সই করালেও মার্কাস র‍্যাশফোর্ডের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না। বার্সা কোচ হান্সি ফ্লিক আসলে গর্ডন এবং র‍্যাশফোর্ড—দুজনেকেই দলে রাখতে চান।

অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি বিদায় নেওয়ায় ক্লাবে এখন একজন নির্ভরযোগ্য সেন্ট্রাল ফরোয়ার্ডের শূন্যতা তৈরি হয়েছে। কোচ হান্সি ফ্লিক নতুন সই করা অ্যান্থনি গর্ডনকে উইঙ্গার হিসেবে নয়, বরং লেভানডভস্কির জায়গায় 'নাম্বার নাইন' বা মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর কথা ভাবছেন। আর সেটি হলে বাম উইংয়ের জায়গাটি র‍্যাশফোর্ডের জন্যই ফাঁকা থাকবে, যেখানে গত মৌসুমে তিনি ১৪টি গোল এবং ১৪টি অ্যাসিস্ট করে দারুণ সফল হয়েছিলেন।

সমস্যা তৈরি হয়েছে র‍্যাশফোর্ডের ট্রান্সফার ফি নিয়ে। চুক্তি অনুযায়ী বার্সেলোনার র‍্যাশফোর্ডকে স্থায়ীভাবে কিনে নেওয়ার কথা থাকলেও, তারা ৩০ মিলিয়নের বাই-আউট ক্লজ সচল করতে অনীহা জানায়। বার্সার এই আচরণে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ বেশ বিরক্ত।

যেহেতু বার্সা স্থায়ীভাবে টাকা দিতে চাচ্ছে না, তাই সবচেয়ে বড় সম্ভাবনা হলো—আগামী মৌসুমেও র‍্যাশফোর্ডকে দ্বিতীয়বারের মতো লোন চুক্তিতে ক্যাম্প ন্যুয়ে পাঠাতে পারে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।

তবে আতলেতিকো মাদ্রিদ থেকে হুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার যে গুঞ্জন বার্সার সাথে শোনা যাচ্ছে, সেটি সফল হলে র‍্যাশফোর্ডের ভাগ্য কোন দিকে মোড় নেবে, তা এখনো নিশ্চিত নয়।

র‍্যাশফোর্ডকে নিয়ে বার্সেলোনার এই লোন নাটকে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা বেশ ক্ষুব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমর্থক বলছেন, "বার্সেলোনা ম্যানইউকে নিয়ে মজা ছড়াচ্ছে, তাদের আর লোনে রাজি হওয়া উচিত নয়।" আবার কেউ কেউ মনে করছেন, ওল্ড ট্রাফোর্ডে র‍্যাশফোর্ডের অধ্যায় যেভাবে হোক দ্রুত শেষ হওয়াই ভালো।