ইনজুরি কাটিয়ে ফেরার লড়াইয়ে নেইমার, যোগ দিলেন ক্যাম্পে

ডান পায়ের কাফ মাসেলের দ্বিতীয় গ্রেডের ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও, ব্রাজিল জাতীয় দলের অন্দরে এখনো প্রধান কেন্দ্রবিন্দু নেইমার জুনিয়র। তেরেসোপোলিসের গ্রানজা কোমারি স্পোর্টস কমপ্লেক্সে সেলেসাওদের ক্যাম্পের তৃতীয় দিনে পরোক্ষভাবে উপস্থিত ছিলেন এই তারকা ফরোয়ার্ড।

বর্তমানে সান্তোসে খেলা এই অভিজ্ঞ তারকা বল হাতে কোনো অনুশীলন না করলেও, মেডিকেল প্রোটোকল মেনে মাঠের সাইডলাইনে এসে সতীর্থদের অনুশীলন দেখেন এবং কোচ কার্লো আনচেলত্তির সাথে দীর্ঘ আলাপচারিতা সারেন।

অনুশীলন ক্যাম্পের মূল মাঠে নেমে নেইমার কেবল কোচ আনচেলত্তির সাথেই কথা বলেননি, বরং ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তাদের সাথেও দেখা করেন। সেলেসাওদের ডিরেক্টর রদ্রিগো কায়েতানো সিবিএফ প্রেসিডেন্ট সামির শাউদ এবং জেনারেল ডিরেক্টর গুস্তাভো ফেইজো বিশেষ হেলিকপ্টারে করে তেরেসোপোলিস ক্যাম্পে পৌঁছালে নেইমার তাদের স্বাগত জানান। এই হাই-প্রোফাইল কর্মকর্তারা প্রায় ৪ ঘণ্টা সেখানে অবস্থান করেন।

নেইমার

ব্রাজিল দলের প্রধান চিকিৎসক ডা. রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের এই পেশির ইনজুরি কাটিয়ে উঠতে সাধারণত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। যার ফলে আসন্ন দুটি প্রীতি ম্যাচে তার খেলা হচ্ছে না নিশ্চিত। এমনকি আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচেও নেইমারকে বাইরে থাকতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে, ম্যাচের ঠিক আগের দিন নেইমারের একটি বিশেষ শারীরিক পরীক্ষা করা হবে। তখনই নিশ্চিত হওয়া যাবে যে বিশ্বকাপের প্রথম ম্যাচে এই 'নাম্বার ১০' জার্সিধারীকে পাওয়া যাবে কি না।

পানামার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

নেইমারের উপস্থিতিতেই কোচ কার্লো আনচেলত্তি আগামী রবিবার (৩১ মে) মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে হতে যাওয়া প্রীতি ম্যাচের জন্য তার মূল একাদশ নিয়ে কৌশল সাজিয়েছেন। লুইস হেনরিখকে মূল একাদশে রেখে ব্রাজিলের সম্ভাব্য লাইন-আপটি হতে পারে এমন:

অ্যালিসন; ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস; লুইস হেনরিখ, ম্যাথিউস কুনিয়া, রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র।