যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কখনোই নিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এই কৌশলগত নৌপথের নিয়ন্ত্রণকারী নবগঠিত সংস্থা ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ’ (পিজিএসএ) এক বিবৃতিতে মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার (২৯ মে) প্রকাশিত এক বিবৃতিতে পিজিএসএ ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, স্থলভাগ কিংবা কূটনৈতিক- কোনোভাবেই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে পারেনি। তাই নিষেধাজ্ঞার মতো অর্থনৈতিক বা রাজনৈতিক চাপ প্রয়োগ করেও তারা এই নৌপথের ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না।
ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ ও বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন। ইরানের দাবি, মার্কিন এই পদক্ষেপ পূর্ববর্তী যুদ্ধবিরতির শর্তের স্পষ্ট লঙ্ঘন। এরই প্রতিক্রিয়ায় গত মাসে মার্কিন ও ইসরায়েলি ‘আগ্রাসনের’ জবাব দিতে শত্রু ও মিত্রদের জন্য এই কৌশলগত নৌপথ বন্ধ করে দেয় তেহরান। একই সঙ্গে হরমুজে জাহাজ চলাচল তদারকির জন্য পিজিএসএ নামক নতুন এই সংস্থাটি গঠন করে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়।
এরই ধারাবাহিকতায় তিন দিন আগে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের নবগঠিত এই প্রণালি কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এই পদক্ষেপের জবাবে পিজিএসএ কটাক্ষ করে বলেছে, যে দেশের প্রেসিডেন্ট প্রকাশ্য জলদস্যুতার প্রশংসা করেন, সেই দেশের দেওয়া নিষেধাজ্ঞাকে তারা নিজেদের কার্যক্রমের একটি ‘ইতিবাচক স্বীকৃতি’ হিসেবেই দেখছে।
বিবৃতির শেষাংশে সংস্থাটি জানিয়েছে, পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ) গঠনের পর প্রথম মাসে এই নৌপথে তাদের কার্যক্রম কেমন ছিল, তার একটি বিস্তারিত পরিসংখ্যান খুব শিগগিরই প্রকাশ করা হবে।