টর্চলাইট জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার (২৯ মে) রাতে দুপক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে মো. রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন।

নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। তবে এ ঘটনায় মামলা হয়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত দশটার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেয়। কিন্তু ওই যুবক তা না করে টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলে। এ নিয়ে সজীব মিয়া ক্ষুব্ধ হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রুপ নেয়। বিষয়টি টের পেয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান। এ সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে ক্ষিপ্ত হয় এলাকার শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে রাত সাড়ে ১২ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের অন্ধকারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে  গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সংক্রান্ত বিষয়ের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।