ময়মনসিংহে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু 

ময়মনসিংহের আলালপুর এলাকায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ–ফুলপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার এসআই ফরিদ আহমেদ।

নিহতরা হলেন জাহাঙ্গীর (৩২) এবং তার আড়াই বছর বয়সি ছেলে রুহান। তারা অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি অটোরিকশা ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

এসআই ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।