শহীদ জিয়ার একাত্তরের বেতার ভাষণকে স্মরণ ভারতীয় হাইকমিশনের

সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

আজ শনিবার (৩০ মে) হাইকমিশনের ফেসবুক পেজে জিয়াউর রহমানের অবদান স্মরণ করে ওই বার্তা প্রকাশ করা হয়। বার্তায় তার ১৯৭১ সালের মার্চের ঐতিহাসিক বেতার ভাষণের উল্লেখ করা হয়। এর পাশাপাশি তুলে ধরা হয় বাংলাদেশ-ভারত সম্পর্কের কথা।

ভারতীয় হাইকমিশনের পোস্টে বলা হয়, আজ বাংলাদেশের জনগণ জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের স্মরণে সমবেত হয়েছে। তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি। সেই বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

বার্তায় আরো বলা হচ্ছে, তখনকার মতোই আজো বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে ভারত।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল বিদ্রোহী সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।