ছাত্রদলের মামলায় গ্রেপ্তার

ঝিনাইদহে এনসিপির দুই নেতার মুক্তির দাবি

ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান আশিকের মুক্তির দাবি জানানো হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩০ মে) শহরের পায়রাচত্তরে এনসিপি জেলা শাখা আয়োজিত এক মানববন্ধন কর্মসুুচি পালনকালে এ দাবি জানানো হয়।

‎এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় গ্রেপ্তার ওই দুই নেতার মুক্তির দাবি সম্বলিত প্লাকার্ড ফেস্টুন মানববন্ধনে প্রদর্শন করা হয়।

‎এ সময় বক্তারা বলেন, এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করে উল্টো তাদের নামেই মামলা দিয়েছে হামলাকারীরা। পুলিশ আওয়ামী ফ্যাসিবাদী আমলের মতো অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আদালতে পাঠাচ্ছে।

‎নেতাকর্মীরা বলেন, জুলাই ২৪ এর আগের সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা আবার ফিরে আসছে। অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেপ্তার অয়ন রহমান খান ও আশিককে মুক্তি দিতে হবে। না হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

এর আগে গত ২২ মে ঝিনাইদহ সফরকালে এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর উপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা করে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। ওই মামলার জেরে পাল্টা মামলা করে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির। ওই মামলায় জাতীয় ছাত্রশক্তির নেতা অয়ন রহমান খান ও ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আশিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করে।