ঈশ্বরগঞ্জে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের সাগুলি গ্রামের একটি পুকুর থেকে শাওন(১৬) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার( ৩০ মে) আনুমানিক সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সাগুলি গ্রামের সাইফুল ইসলামের পুকুরে ওই তরুণের মরদেহ ভেসে ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশ ও পরিবারকে খবর দেয়।

সংবাদ পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে শাওনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় শাওনের মা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

স্থানীয়,পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাওন ছোট থেকেই সাগুলি গ্রামের তার নানা বজলুর রহমানের বাড়িতে বেড়ে উঠেছে। ১২ বছর আগে তার মা শিউলী আক্তার ও বাবা সুজন মিয়ার বিচ্ছেদ হয়। তখন থেকেই নানা বাড়িতেই বসবাস করে আসছে শাওন। তার মা শিউলী আক্তার জীবিকার তাগিদে ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। বাবা-মায়ের অনুপস্থিতিতে ছেলে শাওন মাদকাসক্ত হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

শাওনের মায়ের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, শাওনের মা জানিয়েছে শাওন মাদকাসক্ত ছিল। তাকে  বেপরোয়া জীবনযাপন করতে অনেকবার নিষেধ করলেও তোয়াক্কা করেনি।

মায়ের দাবি, নেশাগ্রস্থ অবস্থায় পুকুরের পানিতে পড়ে শাওনের মৃত্যু হয়েছে। এ জন্য ছেলের মৃত্যুতে তিনি কাউকে দায়ী করতে চান না। শাওনের পৈত্রিক নিবাস পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের পাঠানতলী গ্রামে। সে ওই গ্রামের সুজন মিয়ার ছেলে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) রাশেদ মোশাররফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অন্য আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।