বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) সকালে ভোলায় শোক র্যালির আয়োজন করা হয়। ভোলা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শোক র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সদর থানার আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আলহাজ গোলাম নবী আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। তাঁর দেখানো পথ অনুসরণ করেই দেশের কল্যাণে কাজ করতে হবে।
হায়দার আলী লেলিন বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে শহীদ জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
রাইসুল আলম বলেন, শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে।
বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবসময় পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তাঁর শাহাদাতবার্ষিকীতে তাঁরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।