ফাহিমার ১০০তম ম্যাচে বাজে ব্যাটিংয়ে হার বাংলাদেশের

স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এডিনবার্গের গ্র্যান্ড ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও, ধীরগতির ব্যাটিং এবং দুর্বল বোলিংয়ের কারণে ম্যাচটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।

শনিবার প্রথমে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে-র সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশের উদ্বোধনী জুটি। মাত্র ২৬ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (১২) ও দিলারা আক্তার (১১)। স্কোরবোর্ডে ৪৬ রান উঠতেই রান আউটের শিকার হন শারমিন আক্তার। প্রথম ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৫৪ রান।

চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে সাথে নিয়ে ৪২ রান এবং পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারের সাথে আরও ৩৩ রান যোগ করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারি ২২ বলে ২২ রান এবং স্বর্ণা আক্তার ১৫ বলে ১২ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রানের একটি সাদামাটা পুঁজি পায় টাইগ্রেসরা। স্কটল্যান্ডের পক্ষে সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং করে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট নেন ম্যাচসেরা গ্যাব্রিয়েলা ফন্টেলা।

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ডের ব্যাটারদের ওপর কোনো প্রকার চাপই সৃষ্টি করতে পারেননি মারুফা আক্তার বা রিতু মনিরা। উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলেন ডার্সি কার্টার ও ক্যাথরিন ফ্রেসার। কার্টারকে (২৩) ফিরিয়ে প্রথম ব্রেক-থ্রু এনে দেন রিতু মনি।

দ্বিতীয় উইকেটে ক্যাথরিন ফ্রেসার ও অধিনায়ক ক্যাথরিন ব্রাইস ৩৯ বলে ৪৭ রানের জুটি গড়ে ম্যাচটি বাংলাদেশের হাত থেকে ছিটকে দেন। ২৮ বলে ৩০ রান করা ফ্রেসারকে স্বর্ণা আক্তার আউট করলেও, সেটি স্কটল্যান্ডের জয়ের পথে বাধা হতে পারেনি। শেষ দিকে সারাহ ব্রাইসকে সাথে নিয়ে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস। তিনি মাত্র ৩২ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। সারাহ ব্রাইস অপরাজিত থাকেন ২৩ রানে। ফলে ২৬ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোরলাইন:

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩/৫ (নিগার সুলতানা ৪৬*, সোবহানা মোস্তারি ২২; গ্যাব্রিয়েলা ফন্টেলা ১/১১)

স্কটল্যান্ড: ১৫.৪ ওভারে ১৩৪/২ (ক্যাথরিন ব্রাইস ৫৪*, ক্যাথরিন ফ্রেসার ৩০; স্বর্ণা আক্তার ১/১৮, রিতু মনি ১/২৩)

 ফলাফল: স্কটল্যান্ড ৮ উইকেটে জয়ী।

আগামীকাল ৩১ মে (রবিবার) একই ভেন্যুতে সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন জ্যোতিরা।