ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে। রবিবার (৩১ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পাশাপাশি রাতের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়, রবিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (১ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (২ জুন) ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (৩ জুন) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।