বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি: খায়রুল কবির খোকন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় শিশু একাডেমিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে তার মৃত্যুর পর প্রমাণিত হয়েছে যে, জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। তাকে শারীরিকভাবে হত্যা করা হলেও তার আদর্শকে মুছে ফেলা সম্ভব হয়নি। দেশের কোটি মানুষের হৃদয়ে জিয়াউর রহমানের আদর্শ চিরভাস্বর হয়ে থাকবে এবং কেউ তার নাম মুছে ফেলতে পারবে না।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ অত্যন্ত শক্তিশালী এবং দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়া পরিবারই হাল ধরেছে। বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, বরং সব সময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে। সাম্প্রতিক ২৬-এর নির্বাচনেও দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, যা বিএনপির প্রতি জনগণের আস্থারই প্রমাণ।

আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার। এছাড়া অ্যাডভোকেট বাছেদ, আকবর হোসেন, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, হারুন অর রশিদ, দ্বীন মোহাম্মদ দিপু ও রবিউল ইসলাম রবিসহ দলটির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা সেখানে অংশ নেন।

এর আগে, একই দিন বিকেলে চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার উদ্যোগে চিনিশপুর ২নং ওয়ার্ডে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরেকটি কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে দোয়া মাহফিল, গণভোজ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানেও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।