বারাদি সীমান্তে অনুপ্রবেশের দায়ে নারী-শিশুসহ আটক ১০

চুয়াডাঙ্গার দর্শনা বারাদি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (৩১ মে) ভোরে সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় তাদের আটক করা হয়। বিজিবির ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের জোরপূর্বক পুশইন করার উদ্দেশ্যে সীমান্তে ঠেলে দিয়েছে।

বিজিবি সূত্র জানায়, রবিবার ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর বারাদি বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। পরে সেখান থেকে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশুসহ মোট ১০ জনকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।