ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মীদের অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (৩০ মে) হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর পর থেকে তদন্ত কমিটি ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের পরিদর্শনে হাসপাতালে এক ধরনের অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এর ফলে চিকিৎসক ও কর্মীরা তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল পরিদর্শনের পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের স্বার্থে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে কিছু সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বললে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং কয়েকজন কর্মী উত্তেজিত আচরণ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসম্মান প্রদর্শনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে বিবেচনা করেন।
আদ্-দ্বীন হাসপাতাল জানায়, তারা সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। ৩০ মে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার জন্য প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি, কোনো কর্মীর অনিচ্ছাকৃত আচরণে সাংবাদিকরা কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।