কোহলি-গিল ছাপিয়ে ৬৮ কোটির পেস বোলিং মহারণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। আর এই শিরোপা নির্ধারণী মহোৎসবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, দুই দলের শক্তিশালী পেস বোলিং আক্রমণই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।

এবারের আসরে যেখানে ব্যাটারদের দাপটে একের পর এক ২০০-ঊর্ধ্ব রানের রেকর্ড স্কোর হয়েছে, সেখানে আরসিবি এবং গুজরাট ফাইনালে উঠেছে তাদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের ওপর ভর করে। আজ আহমেদাবাদের উইকেটে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ৬৮.৭৫ কোটি টাকার এই পেস ব্যাটারিই হতে যাচ্ছে দুই দলের তাসের টেক্কা।

পার্পল ক্যাপের লড়াই: রাবাদা বনাম ভুবনেশ্বর

আজকের ফাইনাল ম্যাচটি একই সাথে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর পুরস্কার ‘পার্পল ক্যাপ’ জয়ের সরাসরি লড়াই। কাগিসো রাবাদা- এখন পর্যন্ত ২৮টি উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন গুজরাটের এই প্রোটিয়া স্পিডস্টার।

  • ভুবনেশ্বর কুমার- ২৬টি উইকেট নিয়ে রাবাদার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন বেঙ্গালুরুর এই অভিজ্ঞ সুইং কিং।
  • গুজরাট টাইটান্সের পেস আক্রমণে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশ্রণ। তাদের মূল পেসারদের পেছনে খরচ হয়েছে মোটা অঙ্কের রুপি:
  • মোহাম্মদ সিরাজ: ১২.২৫ কোটি রুপি (চলতি আসরে উইকেট: ১৮টি)।
  • কাগিসো রাবাদা: ১০.৭৫ কোটি রুপি (চলতি আসরে উইকেট: ২৮টি)।
  • প্রসিধ কৃষ্ণা: ৯.৫ কোটি রুপি।
  • জেসন হোল্ডার (অলরাউন্ডার): ৭ কোটি রুপি (চলতি আসরে উইকেট: ১৭টি)

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেস ইউনিটও কোনো অংশে কম নয়:

  • জশ হ্যাজেলউড: ১২.৫ কোটি টাকা (পাওয়ারপ্লে ও ডেথ ওভারে দারুণ কার্যকরী)
  • ভুবনেশ্বর কুমার: ১০.৭৫ কোটি টাকা (চলতি আসরে উইকেট ২৬টি)
  • রাসিক সালাম দার: ৬ কোটি টাকা (১৬টি উইকেট নিয়ে এ মৌসুমের অন্যতম সেরা আবিস্কার)

এর আগে প্রথম কোয়ালিফায়ারে যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখন আরসিবির পেসাররাই ব্যবধান গড়ে দিয়েছিলেন। সেই ম্যাচে জ্যাকব ডাফি ৩টি এবং রসিক ও ভুবনেশ্বর ২টি করে উইকেট নিয়ে বেঙ্গালুরুকে বড় জয় এনে দেন।

নিউজিল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার সাইমন ডুল এই ফাইনালের ভাগ্য নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে বলেন, পাওয়ারপ্লের লড়াই যে জিতবে, ট্রফি তার ঘরেই যাবে, "আমার বিশ্বাস, প্রথম ইনিংসে যারা পাওয়ারপ্লে (প্রথম ৬ ওভার) জিতবে, তারাই ম্যাচ জিতে নেবে। দুই দলেই বিশ্বমানের ব্যাটিং লাইনআপ রয়েছে। একদিকে আছেন বিরাট কোহলি, অন্যদিকে শুভমন গিল—দুজনেই অবিশ্বাস্য ফর্মে আছেন। ওপেনাররা যদি শুরুর ৬ ওভারে বড় কোনো ক্ষতি ছাড়া ৬০ বা ৭০ রান তুলে নিতে পারে, তবে প্রতিপক্ষ শুরুতেই ব্যাকফুটে চলে যাবে। মেগা ফাইনালে শুরুর মোমেন্টামই সবকিছু।"