বিরোধী দল তালিকা দিলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব: আইনমন্ত্রী

বিরোধী দল তাদের নামের তালিকা দিলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সংসদ অধিবেশনের শেষ সেশনের আগে আমরা বিরোধী দলকে বলেছিলাম, ১৭ সদস্য বিশিষ্ট একটা সংবিধান সংশোধন কমিটি করতে চাই। সেখানে আমাদের পক্ষ থেকে সাতজন রেখেছি। পাঁচজন স্বতন্ত্র প্রতিনিধি যারা রয়েছেন, তাদের মধ্য থেকে রেখেছি। আর পাঁচজন বিরোধী দলের কাছ থেকে চেয়েছি। তারা বলেছে, সামনের সেশনে জানাবে। আমরা অপেক্ষায় আছি, তাদেরটা পেলেই সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হাঁটব।

রবিবার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাতিল হওয়া অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সামনে উপস্থাপিত হবে কিনা- এমন  প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাতিল না, এটা হলো আমরা উপস্থাপন করিনি। আগে আমরা বলেছি, আরও যাচাই বাছাই করছি। এরইমধ্যে দুটি আইন নিয়ে আমরা ফাস্ট কনসাল্টেশন করেছি। একটি হল মানবাধিকার কমিশন আইন এবং আরেকটি গুম কমিশন আইন। আমাদের অনেক সুপারিশ এসেছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখছি। দ্রুত সময়ের মধ্যে সম্ভব হলে আমরা সেগুলোকে সামনের কাতারে নিয়ে আসব।