আজ রবিবার (ঈদের চতুর্থ দিন) এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, আরটিভি, বাংলাভিশন, বৈশাখী, মাছরাঙা, দীপ্ত টিভিতেও থাকছে রকমারি আয়োজন। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, মুশফিক ফারহান এবং খায়রুল বাসারসহ একঝাঁক চাহিদাসম্পন্ন তারকাদের দেখা যাবে আজকের অনুষ্ঠানমালায়।
এটিএন বাংলায় মহিন খানের পরিচালনায় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে পর্দায় আসবে নাটক 'ম্যাঙ্গো ডান্স ক্লাব'। এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ। রাত ৮টা ৫০ মিনিটে নাটক 'বিয়ের কোনো বয়স নেই'-তে মোশাররফ করিমের সঙ্গে পর্দায় থাকবেন নীলাঞ্জনা নীলা। পরিচালনায় মহিন খান। বর্ণ নাথের পরিচালনায় রাত ১১টায় প্রচার হবে টেলিছবি 'শয়তানের কাঠি'। এতেও মোশাররফ করিমের সঙ্গে থাকবেন নীলাঞ্জনা নীলা।
চ্যানেল আইয়ে বিকাল সাড়ে ৪টায় রয়েছেসাগর জাহানের পরিচালনায় টেলিছবি 'পাল্লু বিল্লুর বিয়ে'। এতে অভিনয় করেছেন জোভান ও কেয়া পায়েল। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক 'কিশোরগঞ্জের কিশোরদল' এর চতুর্থ পর্ব দেখা যাবে। আফজাল হোসেনের পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন আফজাল হোসেন, আহসান হাবিব নাসিম ও তাহমিনা সুলতানা মৌ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক 'নোটবুক' এ ইরফান সাজ্জাদের সঙ্গে পর্দায় থাকবেন কেয়া পায়েল ও খায়রুল বাসার। সাজ্জাদ হোসাইন বাপ্পীর রচনা ও পরিচালনায় তৈরি নাটকটি। মহিন খানের পরিচালনায় রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক 'মীমাংসা'। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি।
এনটিভিতে সন্ধ্যা সাড়ে ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'মা বাবা ভাই বোন' সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। হাসান রেজাউলের পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরি আলম, শবনম ফারিয়া ও তাসনুভা তিশা। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে নাটক 'চটপটি'। দেবাশীষ চক্রবর্তীর রচনায় ও সুব্রত সঞ্জীবের পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও নাজিয়া হক অর্ষা। তাইফুর জাহান আশিকের পরিচালনায় রাত ৯টা ১০ মিনিটে দেখা যাবে নাটক 'মিথ্যুকের দল'। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা জুঁই। রাত ১১টা ৫ মিনিটে নাটক 'শুধু তুমি আমার'-এ আরশ খানের সঙ্গে পর্দায় থাকবেন ফারিয়া রহমান পারু। মোসাব্বের হোসেন মুয়ীদের রচনায় ও মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় তৈরি নাটকটি।
আরটিভিতে সন্ধ্যা সাড়ে ৭টায় আরটিভিতে প্রচার হবে নাটক 'আজও ভালোবাসি'। রাইয়ান মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও মিম মানতাশা। রাত সাড়ে ৮টায় খায়রুল বাসার ও সাফা কবিরকে একসঙ্গে দেখা যাবে 'পথে পথে ভালোবাসা' নাটকে। আহসান হাবীব আকিকের পরিচালনায় রাত সাড়ে ৯টায় দেখা যাবে নাটক 'জ্যোতিষীর বিয়ে'। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সাফা কবির। ধারাবাহিক নাটক 'বউ সোহাগী পরিবার' দেখা যাবে রাত ১১টায়; অভিনয় করেছেন শাহেদ আলী, সাব্বির অর্নব, শিবলী নোমান ও গোলাম ফরিদা ছন্দা। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। রাত সাড়ে ১১টায় প্রচার হবে নাটক 'এক টুকরো মেঘ'। এই নাটকে আরশ খানের সঙ্গে পর্দায় থাকবেন মাফতোহা জান্নাত জিম। পরিচালনায় মেহেদী হাসান জনি।
বাংলাভিশনে রবিউল আলম রবির পরিচালনায় বিকেল ৪টা ২০ মিনিটে দেখা যাবে টেলিছবি 'ফরগেট মি নট'। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান ও ইরফান সাজ্জাদ। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক 'প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ'-এ আরশ খানের সঙ্গে পর্দায় থাকবেন তাসনুভা তিশা। পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। জুবায়ের ইবনে বকরের পরিচালনায় রাত ৯টা ২৫ মিনিটে দেখা যাবে নাটক 'পথের সাথীকে চিনে নিও'। এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও অর্চিতা স্পর্শিয়া। ধারাবাহিক নাটক 'ভিডিও লিংক' এর চতুর্থ পর্ব প্রচার হবে রাত ১০টা ৪০ মিনিটে। পরিচালনা করেছেন মাসুদ সেজান, অভিনয় করেছেন শামীমা নাজনীন, বাচ্চু, পাভেল ও নাবিলা। রাত ১১টা ১৫ মিনিটে নাটক 'জামাই বউ স্টুডেন্ট'-এ মোশাররফ করিমের সঙ্গে পর্দায় থাকবেন নীলাঞ্জনা নীলা। পরিচালনায় তাইফুর জাহান আশিক।
বৈশাখী টিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক 'কাবিনের কিস্তি'। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও মিহি আহসান। রাত ৯টা ২০ মিনিটে দেখা যাবে ধারাবাহিক 'ভাত হাসান' এর চতুর্থ পর্ব। তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, ঝুনা চৌধুরী ও জয়রাজ। রাত সাড়ে ১০টায় দেখানো হবে ধারাবাহিক 'দিল মোহাব্বত'। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আরফান আহমেদ ও শেখ স্বপ্না। হিরন জামানের রচনায় ও আলমগীর খন্দকার দুলালের পরিচালনায় রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক 'সাদা মনের মানুষ'। এতে অভিনয় করেছেন ডলি জহুর, রওনক হাসান ও তানজিকা আমিন।
মাছরাঙা টিভিতে বিকেল ৫টা ৫০ মিনিটে মাছরাঙায় প্রচার হবে নাটক 'দ্য ফ্যামিলি'। মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, অর্চিতা স্পর্শিয়া ও ইরফান সাজ্জাদ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেখা যাবে ধারাবাহিক নাটক 'লাভ স্টেশন'। বৃন্দাবন দাশের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, আবদুল্লাহ রানা ও রেজমিন সেতু। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় রাত ৮টায় পর্দায় আসবে নাটক 'অথবা তুমি আমি'। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে নাটক 'ডুব'। শাহজাহান সৌরভের রচনায় ও তৌফিকুল ইসলামের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও কেয়া পায়েল। অনিক বিশ্বাসের রচনা ও পরিচালনায় রাত সাড়ে ১১টায় দেখা যাবে টেলিছবি 'প্যারাডাইস'। এতে অভিনয় করেছেন রেহান ও আইশা খান।
দীপ্ত টিভিতে সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক 'চোখের জলের রঙ'। তৌফিকুল ইসলামের পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাফা কবির। আলমগীর সাগরের পরিচালনায় রাত ৮টায় পর্দায় আসবে নাটক 'মিস্টার মোজাম্মেল'। এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন ও সামান্তা পারভেজ। ধারাবাহিক নাটক 'জিডি জামাল' প্রচার হবে রাত ৯টা ৪০ মিনিটে, নাটকের তৃতীয় পর্ব দেখা যাবে এদিন। আকাশ রঞ্জনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আমিরুল হক চৌধুরী, অহনা ও শামীমা নাজনীন।
রাত ১০টায় নাটক 'অভিযোগে' খায়রুল বাসারের সঙ্গে জুটি বেঁধেছেন সামিরা খান মাহি। পরিচালনায় সেতু আরিফ। সেরনিয়াবাত শাওনের পরিচালনায় রাত ১১টায় দেখা যাবে নাটক 'আমার কি দোষ'। এতে অভিনয় করেছেন সাফা কবির ও খায়রুল বাসার।