নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পথ সচল-নাব্যতা ঠিক রাখলে ফিরবে নৌপরিবহনের ঐতিহ্য

নৌপথ সচল ও নাব্যতা ঠিক রাখলে ফিরবে নৌপরিবহনের ঐতিহ্য বলে মন্তব্য করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

তিনি বলেন, লঞ্চঘাটের পন্টুনগুলো আধুনিকায়ন এবং নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল ও নাব্যতা ঠিক রাখা গেলে দেশের নৌপরিবহনের পুরনো ঐতিহ্য ফিরে আসবে। সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে

রবিবার (৩১ মে) দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

শতবর্ষী স্টিমারগুলোর বিষয়ে তিনি বলেন, পুরনো স্টিমারগুলো বারবার মেরামত করা হয়েছে। বর্তমানে একটি সচল থাকলেও বাকি স্টিমারগুলো নৌপথে চলাচলের জন্য উপযোগী নয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয়। তবে এসব ঐতিহ্যবাহী স্টিমারকে বিকল্পভাবে কীভাবে কাজে লাগিয়ে জনসেবা নিশ্চিত করা যায়, সে বিষয়েও আমরা চিন্তা করছি।

সাধারণ মানুষের নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করতে নৌ মন্ত্রণালয় কাজ করে যাবে। নৌপথকে আবারও জনগণের আস্থার বাহন হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সদস্য প্রকৌশল রকিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামানসহ স্থানীয় বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।