দিনাজপুরের বিরামপুর উপজেলার ধনসা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরদারকে (৭৪) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি ঐ গ্রামের মৃত আব্দুস সাদেক সরদারের ছেলে। উপজেলার ধনসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরদার চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে ঈদুল আজহার দিনে বিরামপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যুর খবরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মন্ডল আবুল ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাষ্টারসহ অন্য মুক্তিযোদ্ধারা ছুটে যান আব্দুল আজিজের বাড়িতে।
শনিবার ৩০মে) বাদ যোহর মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন ও থানার কর্মকর্তা ইনচার্জ সাইফুল ইসলাম সরকার রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
এসময় সাথে ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মন্ডল আবুল ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাষ্টার, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা রিয়াদ আলী, সদস্য মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন আহমেদ, পৌর আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জোতবানী ইউনিয়ন কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মজিরুল ইসলামসহ অন্য মুক্তিযোদ্ধারা।