বাঁশখালীতে নেশাগ্রস্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নেশাগ্রস্ত এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩১ মে) বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পূর্ব চাম্বলের মহল্লাপাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান মাসুম (২৭) কে আটক করা হয়। 

অভিযানের সময় তাকে নিজ বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। 

জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন সাইদুর রহমান মাসুম। অভিযুক্তের মা এক ভিডিও বক্তব্যে জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। নেশার টাকা না পেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং তাকে মারধরেরও চেষ্টা করতেন। এছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করার সময় নেশার অর্থ জোগাড় করতে একাধিকবার অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ছেলের এমন আচরণে চরম বিব্রত ও অসহায় হয়ে পড়েছেন বলে ভিডিও বক্তব্যে উল্লেখ করেন তার মা।

অভিযান শেষে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সাইদুর রহমান মাসুমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।