খাগড়াছড়িতে স্কুলে অগ্নিকাণ্ড, টিনশেড ভবন পুড়ে ছাই

খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ আগুনে বিদ্যালয়ের টিনশেড ভবনের ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। 

রবিবার (৩১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন শিক্ষাসামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয়রা জানায়, বিকেলে বিদ্যালয়ের টিনশেড ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দ্রুত ছড়ানোর কারণে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।  

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ মুকুল কুমার নাথ জানান, পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, বিদ্যালয়ের ১১টি কক্ষ আগুনে পুড়ে গেছে। তদন্তের পর আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

খাগড়াছড়ি সদর ইউএনও ফারিয়া সুলতানা বলেন, আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।