পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ১৭টি ফিরতি ফ্লাইটে ৬ হাজার ৪১৬ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ মে।
হজ-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি, সাউদিয়া এয়ারলাইনসের ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৮টি ফ্লাইটে করে হাজিরা দেশে ফেরেন।
হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে ৪১৬ জন সরকারি এবং ৬ হাজারের মতো বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন। হজ চলাকালে সৌদি আরবে ৩৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছেন। এর মধ্যে ২৭ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন। তাদের সেখানেই দাফন করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে ১৭৬ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৬ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হজ বুলেটিনে বলা হয়, গত শনিবার বিকেল সাড়ে ৪টায় মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের নির্বিঘেœ দেশে ফেরা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয়, আবাসন ও চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক ও আইটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।