নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ বন্ধু

নাটোর জেলার সিংড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন একজন। তাকে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, ভোরে তিন বন্ধু  মোটরসাইকেল করে নাটোর থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে আমতলী ব্রিজে বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি জানান, এ সময় ঘটনাস্থলেই জীবন আলী ও হীরা নামে দুইজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত সাইফুলকে হাসপাতালে ভর্তি করে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।