নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন শুরু

সৌদি আরব নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন জমা নেওয়া শুরু করেছে। রবিবার (৩১ মে) থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু হওয়ার মধ্য দিয়ে নতুন মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে ওমরাহযাত্রীরা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট আইডি কার্ড ‘নুসুক’এর মাধ্যমে অনুমতিপত্র ও বিভিন্ন সেবা নিতে পারবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এসব তথ্য জানিয়েছে।

উক্ত প্রতিবেদন বলা হয়, আন্তর্জাতিক ওমরাহযাত্রীরা ৩১ মে থেকেই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ এবং ওমরাহ পালনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। নতুন মৌসুমে বিদেশি মুসল্লিরা ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত ওমরাহ পালনের জন্য রাজ্যে প্রবেশের সুযোগ পাবেন।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ। আর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত। এছাড়া সব ওমরাহ যাত্রীকে ৭ এপ্রিল ২০২৭-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।