পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মো. নজরুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর পর তার মরদেহ হাসপাতালে রেখে চলে গেছেন স্বজনরা।
রবিবার (৩১ মে) বিকেল ৪টার দিকে হাসপাতালে মারা যান তিনি।
নজরুল ইসলাম উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের বাসিন্দা ছিলেন। ডায়রিয়াজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে ভর্তির সময় রোগীর সঙ্গে তিনজন পুরুষ ছিলেন। স্যালাইন দেওয়ার পর তারা রোগীর দেখভালের দায়িত্ব কয়েকজন নারীদের কাছে দিয়ে চলে যান। পরে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে ওই নারীরাও হাসপাতাল ত্যাগ করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া ফারজানা জানান, রোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর সঙ্গে থাকা স্বজনরা মরদেহ রেখে হাসপাতাল ত্যাগ করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও কেউ ফিরে না আসায় বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছে। স্বজনদের শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।