লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে হামলা চালানোর জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
সোমবার (১ জুন) এক যৌথ বিবৃতিতে তারা জানান, হিজবুল্লাহর ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইসরায়েলের শহর ও নাগরিকদের লক্ষ্য করে হামলার জবাব হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “হিজবুল্লাহর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আমাদের শহর ও নাগরিকদের লক্ষ্যবস্তু করার কারণে বৈরুতের দক্ষিণাঞ্চলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেওয়া হয়েছে।”
এদিকে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৪-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৈরুতের দক্ষিণ উপশহরে হামলার এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।