বংশালে ডিজিটাল স্কেলের গোডাউনে আগুন, দগ্ধ ৩

রাজধানীর পুরান ঢাকার বংশালে ডিজিটাল স্কেলের গোডাউনে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে বংশাল নবাবপুর টেকেরহাট এমআর এন্টারপ্রাইজের গোডাউনে ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন, মো. মিরাজ (২৫), ইফাদ (২০) ও রকি (২৬)।

দগ্ধ মো. মিরাজ জানান, তারা তিনজন টেকেরহাট এলাকার এমআর ইন্টারপ্রাইজে কাজ করেন। ঈদের ছুটির পর আজ প্রথম দোকান খুলছিলেন তারা। গোডাউনে ঢুকে বৈদ্যুতিক সুইচ চালু করতেই চারদিকে আগুন ধরে যায়। এতে তারা তিনজন দগ্ধ হন। এরপর তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মিরাজের ২ শতাংশ, ইফাদের ২৫ শতাংশ ও রকির ২৩ শতাংশ দগ্ধ হয়েছে।