বেনাপোল সাদিপুর সীমান্তে কাঁটাতারের বেড়া খুলে ১০-১২ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (১ জুন) ভোরে সাদিপুর সীমান্তের খড়েরমাঠ এলাকা দিয়ে তাদেরকে পুশইনের চেষ্টা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সীমান্তের লাইট বন্ধ করে কিছু মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়। এ সময় তাদের পুশইনে কঠোরভাবে বাধা সৃষ্টি করেন বিজিবি সদস্যরা। ফলে ওই নারী-পুরুষ ও শিশু সীমান্তের জিরো লাইনে আটকে পড়ে অছে।
এই ঘটনার পর থেকে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল সাদিপুর সীমান্তের খড়েরমাঠ এলাকার ২১/৬ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতীয় বিএসএফ বেশ কিছু নারী-পুরুষ-শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায়।
বিষয়টি বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে সীমান্তের জিরো লাইনে এলাকায় অবস্থান নেয়। পরে বিএসএফের সেই অবৈধ চেষ্টা রুখে দেয় বিজিবি।
জিরো লাইনে আটকে পড়া নাগরিকদের বিষয়ে সুরাহা করতে সোমবার দুপুরে দু-দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।