আটলান্টিকে রুশ তেলবাহী ট্যাংকার জব্দ করল ফ্রান্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তার দেশ ও মিত্ররা আটলান্টিক মহাসাগরে নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি রুশ তেলবাহী ট্যাংকার জব্দ করেছে। 

সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, ‘টাগোর’ নামের ট্যাংকারটি রোববার সকালে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাজ্য ও অন্যান্য অংশীদার দেশের সহায়তায় আটক করা হয়েছে।

তিনি বলেন, 'আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া, সমুদ্র আইনের লঙ্ঘন করা এবং চার বছরের বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অর্থায়ন করা কোনো জাহাজের জন্য গ্রহণযোগ্য নয়।'

ফরাসি কর্তৃপক্ষের তথ্যমতে, গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত তথাকথিত রাশিয়ার ‘ঘোস্ট ফ্লিট’-এর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আরও তিনটি জাহাজ আটক করা হয়েছিল। পরে মালিকপক্ষ জরিমানা পরিশোধ করলে সেগুলোকে ছেড়ে দেওয়া হয়।

‘ঘোস্ট ফ্লিট’ নামে পরিচিত এই জাহাজগুলো প্রায়ই নিজেদের পরিচয় গোপন করতে বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করে বা ভুয়া নিবন্ধন তথ্য প্রদর্শন করে। এ কৌশলকে ‘ফ্ল্যাগ সুইচিং’ বলা হয়।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো এই বহরের শত শত জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় এমন প্রায় ৬০০টি জাহাজ রয়েছে বলে জানা গেছে।