ছয় দাবিতে ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতাকর্মীরা সোমবার (১ জুন) ক্যাম্পাসে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের গেটে আয়োজিত এ মানববন্ধনে তারা ছয় দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হলো-
১. সারা বাংলাদেশে ছাত্রলীগের সকল শিক্ষার্থীর অবৈধ বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
২. বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দির ‘শো অন অ্যারেস্ট’ বন্ধ করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
৩. হামের টিকার অর্থ আত্মসাৎ করে সুপরিকল্পিতভাবে ৬ শতাধিক শিশুহত্যার অভিযোগে অভিযুক্ত পলাতক ড. মুহাম্মদ ইউনূসের ফাঁসি নিশ্চিত করতে হবে।
৪. নারী ও শিশু হত্যাকারী, ধর্ষক, মাদ্রাসায় শিশু ধর্ষণকারী এবং অনলাইনে নারী হেনস্তাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৫. কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখলকারীদের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় নিয়োগ বন্ধ করতে হবে।
৬. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘মব’ সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে শিক্ষাগুরুর মর্যাদা ফিরিয়ে দিতে হবে।

এ সময় ঢাবি ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক শিবলী সাদিক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রাজিব জামান, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম, মহসীন হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির হোসাইন খোকা এবং স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইন উপস্থিত ছিলেন।