দখলদার ইসরায়েল ক্রমাগতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ হামলার জবাবে কঠোর পদক্ষেপ নিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
গোষ্ঠীটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সুপরিচিত ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার লঞ্চার সফলভাবে ধ্বংস করেছে। সোমবার (১ জুন) সকালে হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায়, অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত বিরানিত সামরিক ঘাঁটিতে মোতায়েন করা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি শক্তিশালী ড্রোন ব্যবহার করে এই নিখুঁত হামলাটি পরিচালনা করা হয়েছে। ভিডিওতে হিজবুল্লাহর ড্রোনটিকে লেবানন-ইসরায়েল সীমান্ত সংলগ্ন ওই ঘাঁটির ওপর দিয়ে উড়তে এবং লক্ষ্যবস্তু শনাক্ত করার পর সরাসরি আয়রন ডোমের লঞ্চারে আঘাত এনে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস করতে দেখা যায়।
লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি হিজবুল্লাহ সীমান্ত এলাকায় মোতায়েন করা ইসরায়েলি আয়রন ডোম ব্যবস্থার ওপর হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এর ফলে তেল আবিব প্রশাসন হিজবুল্লাহর ছোঁড়া অন্যান্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা হারাচ্ছে।
দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েল সীমান্তে দখলদার বাহিনীর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে।
এই ধারাবাহিক অভিযানের আওতায় হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক যান, সেনা সমাবেশ, সামরিক অবকাঠামো এবং রাডার ব্যবস্থা লক্ষ্য করে আরও বেশ কয়েকটি সফল হামলা চালিয়েছে। প্রতিটি লক্ষ্যবস্তুতেই অত্যন্ত নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানা সম্ভব হয়েছে বলে প্রতিরোধ আন্দোলনটি দাবি করেছে।
হিজবুল্লাহর দেওয়া এক বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ লেবাননের দেবাল শহরে ইসরায়েলি সেনাবাহিনীর দুটি ‘নামের’ সাঁজোয়া যান লক্ষ্য করে ‘আবাবিল’ কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে, যার ফলে যান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।