নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের মহারণের আগেই বাংলাদেশ শিবিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জাতীয় নারী ফুটবল দলের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম শেষনিশ্বাস ত্যাগ করেছেন। সতীর্থের এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়াতে আজকের নির্ধারিত সকালের অনুশীলন সেশন বাতিল করেছে বাংলাদেশ দল।
ভারতের গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে আজ সকাল ৭টা থেকে মনিকা-মারিয়াদের গুরুত্বপূর্ণ অনুশীলনের কথা ছিল। কিন্তু ভোরবেলা শিউলির মায়ের মৃত্যুর খবরটি আসার পর কোচ ও টিম ম্যানেজমেন্ট এই সেশনটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
বুধবার (৩ জুন) সাফের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন নিয়ে ভারতে আসা এই স্কোয়াডের সবচেয়ে সিনিয়র ও অভিজ্ঞ খেলোয়াড় শিউলি আজিম। বিগত দুটি সাফে বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে রক্ষণভাগে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলেছিলেন এই ডিফেন্ডার।
চলতি টুর্নামেন্টে চোটের কারণে কিছুটা মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। বুকের ব্যথার কারণে মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচে তিনি খেলতে পারেননি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফিরলেও ৩-০ ব্যবধানে হেরে যাওয়া সেই ম্যাচে কোচ পিটার জেমস বাটলার তাঁকে মাঠে নামাননি। চোট কাটিয়ে যখন নক-আউট পর্বের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন, ঠিক তখনই ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি খেলেন এই ফুটবলার।