কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলনে আলাদা ঘাম ঝরালেন মেসি

২০২৬ বিশ্বকাপের মুকুট ধরে রাখার লড়াইয়ে অফিশিয়ালি মাঠে নেমে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের প্রথম মাঠের অনুশীলন সম্পন্ন করেছে আলবিসেলেস্তেরা। অধিনায়ক লিওনেল মেসির উপস্থিতিতে কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে শুরু হয়েছে এই বিশ্বকাপ প্রস্তুতি।

তবে প্রথম দিনের অনুশীলনে মূল আকর্ষণ লিওনেল মেসিকে কিছুটা ভিন্ন রূপে দেখা গেছে। ইন্টার মায়ামির হয়ে খেলা সর্বশেষ ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তিনি দলের মূল অনুশীলনে অংশ নেননি। ট্রেনারদের অধীনে মাঠের এক পাশে এককভাবে হালকা অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের মূল লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। কোচিং স্টাফের মূল লক্ষ্য— সেই ম্যাচের আগে মেসিকে শতভাগ ফিট করে তোলা। তাই আগামী শনিবার (৬ জুনের) হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ৯ জুনের আইসল্যান্ড ম্যাচে তিনি মাঠে ফিরবেন কি না, তা তাঁর চোটের উন্নতির ওপর নির্ভর করছে।

মেসি ছাড়াও আর্জেন্টিনার স্কোয়াডে বেশ কয়েকজন ফুটবলারের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তালিকায় আছেন এমি মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকো পাস, লিয়েন্দ্রো পারেদেস, নিকো গঞ্জালেজ, থিয়াগো আলমাদা, গঞ্জালো মন্তিয়েল এবং নাহুয়েল মলিনা।

এই ফিটনেস ঘাটতি পুষিয়ে নিতে এবং গা গরমের ম্যাচগুলোর কথা মাথায় রেখে মূল স্কোয়াডের বাইরে আরও ৭ জন তরুণ ফুটবলারকে দলের সাথে রেখেছে আর্জেন্টিনা। তাঁরা হলেন— সান্তিয়াগো বেলত্রান, জোয়াকিন ফ্রেইতাস, তোমাস আরান্দা, সিমন এসকোবার, নিকোলাস ক্যাপালদো, অগাস্টিন গায় এবং ইগনাসিও ওভান্দো।

এমি মার্তিনেজের সংগে লিওনেল মেসি

স্পোর্টিং কানসাস সিটির অত্যাধুনিক 'কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার'-এ প্রথম দিনের অনুশীলনটি অনুষ্ঠিত হয় সম্পূর্ণ বন্ধ দরজায় (ক্লোজড-ডোর)। ট্রেইনার লুইস মার্টিনের অধীনে প্রথমে ২০ মিনিটের জিম সেশনের পর ফুটবলাররা মাঠে গতি, টেকনিক ও কো-অর্ডিনেশনের মহড়া দেন। এরপর ১১ বনাম ০ কৌশলে কৌশলগত অবস্থান ও সবশেষে ৪০ মিনিটের একটি প্রস্তুতি ম্যাচ খেলেন তাঁরা।

কানসাসের বর্তমান তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তীব্র গরমের সাথে মানিয়ে নিতেই আর্জেন্টিনা দল বিকালের দিকে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে। সহকারী কোচ রবার্তো আয়ালা জানান, "আমরা ধাপে ধাপে এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিচ্ছি। তাপমাত্রা কিছুটা কমলে বিকালের দিকে আমাদের নিয়মিত অনুশীলন সেশনগুলো অনুষ্ঠিত হবে।"