বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি সরকারের তিন মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে বলেছেন, ‘এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু বলা যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ।’
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের সোনাতলা এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতে আমির।
ডা. শফিকুর রহমান নিহত ফাহিমার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এ মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘শিশু ফাহিমা হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তাহলে আমরা ধরে নেব এই বিচার আর হবে না। রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে সরকারকে এমন নিশ্চয়তা দিতে হবে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের ওপর এক ধরনের জুলুম। মূল্য বৃদ্ধি করতেই হলে তা সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময়ে রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে; যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’
জামায়াত আমির বলেন, ‘অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।’
শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর জনাব মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।