স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক এখন তরুণদের মেন্টর

মাঠের জাদুকর এবার ডাগআউটে। বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর এবার সম্পূর্ণ নতুন এক ভূমিকায় ফুটবল বিশ্বে ফিরছেন। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের ক্লাব 'গালফ ইউনাইটেড'-এর প্রধান কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। কোচিং ক্যারিয়ারে এটিই হতে যাচ্ছে ৪২ বছর বয়সী এই মহাতারকার প্রথম অ্যাসাইনমেন্ট।

খেলোয়াড় হিসেবে ইনিয়েস্তার শেষ সময়টা কেটেছিল এই আরব আমিরাতেরই ক্লাব 'এমিরাটস এফসি'-তে, যেখান থেকে ২০২৪ সালে তিনি বুট জোড়া তুলে রাখার ঘোষণা দেন।

গালফ ইউনাইটেড সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় বিভাগের কোনো দলকে কোচিং করানোর মতো প্রয়োজনীয় লাইসেন্স এই মুহূর্তে ইনিয়েস্তার রয়েছে। তবে ফুটবলের সর্বোচ্চ কোচিং ডিগ্রি 'প্রো কোচিং লাইসেন্স' পাওয়ার প্রক্রিয়া এখনো চালিয়ে যাচ্ছেন তিনি।

মূলত তরুণ প্রতিভাদের খুঁজে বের করা এবং তাদের একাডেমি থেকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার জন্য গালফ ইউনাইটেড ক্লাবটির বেশ সুনাম রয়েছে। আর এই দর্শনটাই টেনেছে বার্সার সাবেক এই ‘ট্রেবল’ জয়ী তারকাকে।

নতুন এই চ্যালেঞ্জ নিয়ে বেশ রোমাঞ্চিত ইনিয়েস্তা। চুক্তি স্বাক্ষর শেষে তিনি বলেন, "আমার জীবনের এই নতুন অধ্যায়টা শুরু করার জন্য গালফ ইউনাইটেড একদম নিখুঁত একটা জায়গা। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে, আর এখন আমি কোচিংয়ের মাধ্যমে, প্রতিনিয়ত শেখার মাধ্যমে এবং তরুণ ফুটবলারদের সাথে কাজ করে ফুটবলকে কিছু ফিরিয়ে দিতে চাই। এখানকার তরুণদের মধ্যে ভালো করার সেই ক্ষুধা আর প্রতিভা দুটোই আছে।"

নিজের ফুটবল দর্শনের কথা মনে করিয়ে দিয়ে টিকিটাকা ফুটবলের অন্যতম এই কারিগর আরও যোগ করেন, "আমি বিশ্বাস করি ফুটবলারদের গড়ে তুলতে হয় সঠিক উপায়ে—ধৈর্য ধরে, খেলার ধরন নিয়ে একটা পরিষ্কার ধারণা মাথায় রেখে এবং প্রতিটি খেলোয়াড়ের প্রতি আন্তরিক যত্ন নিয়ে। গালফ ইউনাইটেডও ঠিক এই দর্শনেই বিশ্বাস করে এবং সে কারণেই আমি এখানে এসেছি। আমি একজন কোচ হিসেবে বড় হতে চাই, মাঠের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং দ্রুতই আমার প্রো লাইসেন্সটি নিশ্চিত করতে চাই।"