পতাকা বৈঠকে হয়নি সমাধান, ১০ নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় 

কোন সমাধান ছাড়াই পতাকা বৈঠক শেষ, বিএসএফের পুশ ইন করা ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় মানবেতর জীবন যাপন করছে। তাদের খাবার নেই ,পানি নেই, জঙ্গলের ভেতরেই তাদের অবস্থান। 

এদিকে আজ (২ জুন) সকালে বিজিবি ও বিএসএফের মাঝে অনুষ্ঠিত পুশইন সংক্রান্ত পতাকা বৈঠক ফলপ্রসু হয়নি। গতকাল সোমবার  (৩১ মে) গভীর রাতে কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। বিজিবি ঘটনাটি জানতে পেরে তা প্রতিহত করে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

বিএসএফ গতরাতেও তাদের রাতভর আশেপাশের বেশ কয়েকটি কাঁটাতারের গেট খুলে পুশইন চেষ্টা করে ব্যর্থ হয়। যে গেট দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করে তার আগে সেখানকার সীমান্তের সার্চলাইটগুলো বন্ধ করে দেয় বিএসএফ। বিজিবি সদস্যরা বিষয়টি বুঝতে পেরে সীমান্তজুড়ে টর্চ ও সার্চলাইট জ্বালিয়ে পুরো এলাকা আলোকিত করে রাখে। এদিকে টহল দলের বিজিবি সদস্যরা সতর্ক থাকায় সে চেষ্টাও ব্যর্থ হয়।

মানুষগুলো এখনও শুন্য রেখাও ভূখণ্ডেই অবস্থান করছে। বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, এটা এমন একটি বিষয়, যা ইচ্ছা করলেই দ্রুত সমাধান করা সম্ভব নয়। এখন বিএসএফ বলছে, এই লোকজন তাদের নয়। এমন দাবি তারা করতেই পারেন। তবে বিজিবি এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তাছাড়া ভুক্তভোগীরাও জানিয়েছেন, বিএসএফ তাদের সীমান্তে এনে জড়ো করেছে। তারপরও বিএসএফ বিষয়টি আমলে নিচ্ছে না।