অনলাইন অ্যাপসে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক প্রতারক জ্বীনের বাদশাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।
গ্রেপ্তার জ্বীনের বাদশা আব্দুল হামিদ উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
তিনি জানায়, হামিদ প্রথমে ‘ইকো ভোল্ট’ নামে একটি সোলার প্রকল্পের অ্যাপসে বিনিয়োগের কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করেন। পরে ‘সিইএফ’ নামে আরেকটি অ্যাপসে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। একপর্যায়ে অ্যাপসগুলো বন্ধ হয়ে গেলে গ্রাহকরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের মমতাজ বেগম নামে এক ভুক্তভোগী (১ জুন) থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার ভিত্তিতে পুলিশ ওই রাতেই বনবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে হামিদকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছে থেকে একটি ট্যাব, একটি স্মার্টফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ‘Hamkail Moakael’ নামে টেলিগ্রাম আইডি ব্যবহার করে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার তথ্যও পাওয়া গেছে। গ্রেপ্তার জ্বীনের বাদশাকে আদালতে পাঠানো হয়েছে।